ডেস্ক রিপোর্ট, ঢাকাচ্যাট
ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক সরবরাহ করে যুবসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদকের বিস্তার রোধে সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের একটি কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মাদকের কোনো কারখানা নেই। তার দাবি, পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমার থেকে দেশে মাদক আসে। পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কোনো কোনো এলাকায় মাদকের ভয়াবহতা ২৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। নিজেদের ধ্বংস না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি সচেতনতার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি হয়। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব।
সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার দীর্ঘ ১৭ বছর অপশাসন চালিয়েছে। হত্যা ও গুমের মতো অপরাধ করেও তারা কোনো অনুশোচনা প্রকাশ করেনি বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের পরিচালনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
