ডেস্ক রিপোর্ট: গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব কার্গোতে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানান।
তিনি বলেন, আগস্ট মাসে মোট নয় কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এর মধ্যে চারটি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং বাকি পাঁচটি চলতি মাসেই দেশে আসবে। নয় কার্গোতে মোট এলএনজির পরিমাণ প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ।
পেট্রোবাংলা সূত্র জানায়, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
পেট্রোবাংলার পরিচালক জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি ও স্পট মার্কেট—এই তিন উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।
এর আগে জুলাই মাসে একই তিন উৎস থেকে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল। এতে মোট এলএনজির পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।
সূত্র: বাসস
