
ঢাকা, ১০ আগস্ট: আগামীর বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ। দেশের মালিকানা ও অধিকার সবার থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সোমবার (১০ আগস্ট) খিলগাঁওয়ে ‘বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি তরুণদের বৃক্ষরোপণ, রক্তদানসহ জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্কাউটদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, স্কাউটিং শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশসেবার শিক্ষা দেয়। তরুণ প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই নিজেদের শিক্ষিত করার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে তরুণ প্রজন্মের হাত ধরে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে এবং রক্তদানে উৎসাহিত হলে দেশ আরও সবুজ ও মানবিক হয়ে উঠবে।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিমন্ত্রী এসব উদ্যোগের সাফল্য কামনা করেন।
