ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বিচারের মুখোমুখি করা হবে এবং দলটিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির অংশগ্রহণকারীরাই প্রকৃত যোদ্ধা। তাদের স্বপ্নের নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ধরে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এ আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবিধান সংস্কার প্রক্রিয়ায় সব পক্ষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত অষ্টাদশ সংশোধনী দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে প্রধান বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে সদস্যের নাম পাঠানোর আহ্বান জানান তিনি।
আহতদের পুনর্বাসনে সরকার নতুন উদ্যোগ নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মক্ষম আহতদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের জন্য সামাজিক ও আর্থিক সুরক্ষার পৃথক পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবেও মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি সংশোধন করা হয়েছে। সংশ্লিষ্ট তদন্তও শেষ পর্যায়ে রয়েছে।
