ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় পৌঁছেছে। সরকারের শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার সরকারের অনুকূলে জমা হওয়ার পর এ পরিবর্তন এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে নতুন শেয়ারগুলো জমা করেছে।
সরকারের ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে প্রতিটি ১৫ টাকা ইস্যু মূল্যে এসব শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা শেয়ার প্রিমিয়াম।
এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৬৫০ টাকা থেকে বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় উন্নীত হয়েছে। বর্তমানে ব্যাংকটির মোট পরিশোধিত সাধারণ শেয়ারের সংখ্যা ৯৪ কোটি ১২ লাখ ৬২ হাজার ৩১৮। বিএসইসির শর্ত অনুযায়ী, সরকারকে ইস্যু করা নতুন শেয়ার তিন বছর লক-ইন থাকবে।
আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। এছাড়া ২০২৫ হিসাব বছরে রূপালী ব্যাংক কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
