এ
ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) শত শত মানুষ ওয়াশিংটনের বিভিন্ন সড়কে মিছিল ও বিক্ষোভ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টি ও কঠোর নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে মিছিল নিয়ে যান।
একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী জর্জটাউনের ফোর সিজনস হোটেলে প্রবেশের চেষ্টা করেন। ওই সময় সেখানে নৈশভোজে অংশ নিচ্ছিলেন নেতানিয়াহু। নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দিলে হোটেল প্রাঙ্গণে ‘তুমি লুকাতে পারবে না’ এবং ‘তুমি গণহত্যা চালাচ্ছ’—এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সূএ: আল জাজিরা
