ডেস্ক রিপোর্ট: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদের বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
