ডেস্ক রিপোর্ট: দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব বাড়তে থাকায় কারিগরি শিক্ষার গুরুত্ব আরও বেড়েছে। তবে দীর্ঘদিন ধরে পরিকল্পনার অভাব, দক্ষ শিক্ষক সংকট, আধুনিক ল্যাব ও শিক্ষা উপকরণের ঘাটতির কারণে এ খাত কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। ফলে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না।
দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১২ হাজার ৯৪২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও প্রায় ২০ লাখ আসনের বিপরীতে ভর্তি রয়েছে মাত্র ১০ লাখ শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, অনুমোদিত ৩ হাজার ৪৪০টি ভোকেশনাল প্রতিষ্ঠানের মধ্যে ছয় শতাধিক প্রতিষ্ঠান বছরের পর বছর শিক্ষার্থীশূন্য অবস্থায় রয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়েছে, শুধু প্রতিষ্ঠান বাড়ালেই হবে না; শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি সমন্বিত স্কুল ম্যাপিংয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী অনুমোদন, শিক্ষক নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
