ডেস্ক রিপোর্ট: অধিকৃত পশ্চিমতীরের ‘তেল’ গ্রামে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই ঘটনার পরপরই এক ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেন।
এর জেরে গত শুক্রবার (২৪ জুলাই) রাতভর সমগ্র পশ্চিমতীরজুড়ে ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়, পাশাপাশি কয়েকশ সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদের নামে হেনস্তার শিকার হতে হয় বলে জানা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক বা স্থানীয়ভাবে ‘ওয়ান্টেড’ এবং হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠনের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক রয়েছে। সেনাবাহিনীর তথ্যমতে, তেল গ্রামে রক্তক্ষয়ী ঘটনার পর সেখান থেকেই ১১ জনকে গ্রেপ্তার করা হয় এবং আরও প্রায় ৮০ জনকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
একই সময়ে জেনিন এলাকায় প্রায় ৩০০টির বেশি স্থানে একযোগে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, যেখান থেকেও একাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়। বাহিনীর দাবি, তারা বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনা করছিল, যদিও এই অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ প্রকাশ করেনি দখলদার বাহিনী।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
