নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের উত্তর আমান উল্লাহপুর এলাকায় (নুরুর বাপের মিল সংলগ্ন) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইব্রাহিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ইব্রাহিমের সঙ্গে প্রতিবেশী আবদুল ওদুদের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবদুল ওদুদের স্ত্রী রাবেয়া বেগম ঘর থেকে ধারালো দা নিয়ে এসে ইব্রাহিমের ওপর অতর্কিত হামলা চালান এবং এলোপাতাড়ি কুপাতে থাকেন। এতে গুরুতর আহত হন ইব্রাহিম।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
