ডেস্ক রিপোর্ট: টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে শুরু থেকেই তাঁর অপসারণ দাবি করে আসছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে আলোচনা চলাকালীন অবস্থাতেই শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন তিনি।
নিট প্রশ্নফাঁস ইস্যুতে নয়াদিল্লিতে দীর্ঘদিন ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। তাঁদের সুস্পষ্ট বার্তা ছিল—শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আপস নয়, এবং এই দুর্নীতির দায় তাঁকেই নিতে হবে। আন্দোলন প্রশমনে সরকারি প্রতিনিধিদের সঙ্গে দুই দফা বৈঠক হলেও নিজেদের অবস্থানে অনড় ছিলেন বিক্ষোভকারীরা।
শনিবার বিকেলে তৃতীয় দফার বৈঠক নির্ধারিত থাকলেও তার আগেই ইস্তফার সিদ্ধান্ত নেন প্রধান। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের পদত্যাগের কথা জানান তিনি। বার্তায় তিনি লেখেন, গত দশ দিনের ঘটনাপ্রবাহের জন্য তিনি দুঃখপ্রকাশ করছেন।
