ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করতে হবে। তার দাবি, মামলার রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় এখন আর আপিলের সুযোগ নেই।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারও জানিয়েছে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই এবং বিচার প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি দেখতে চান।
১৫ জুলাইয়ের ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম হামলাকারীদের তালিকা প্রকাশ, দ্রুত গ্রেপ্তার এবং হামলাকে সমর্থনকারী শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনার ভিত্তিতেই নতুন বাংলাদেশের রাজনীতি গড়ে উঠবে। অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন এবং জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
