ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন বন্ধ থাকা রংপুরের শ্যামপুর সুগার মিল পুনরায় চালুর সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাই করছে প্রশাসন। এ লক্ষ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য জেবা আমিনা খান এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম মিলটি পরিদর্শন করেছেন।
পরিদর্শনে তারা কারখানা, উৎপাদন ইউনিট, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং যন্ত্রপাতির সক্ষমতা, অবকাঠামোর উন্নয়ন, উৎপাদন পুনরায় চালুর সম্ভাবনা ও দেশের চিনি শিল্পের উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
তারা বলেন, সরকারের বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে মিলটির বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। মিলটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টি, আখ চাষের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিলের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
