ডেস্ক রিপোর্ট: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামো নয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও শিক্ষক প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি তাদের সম্মানি বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে তারা আর্থিক চাপমুক্ত থেকে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারেন।
তিনি উল্লেখ করেন, কম আয়ের কারণে অনেক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষককে অতিরিক্ত পেশায় যুক্ত হতে হয়। এই বাস্তবতা পরিবর্তন করে শিক্ষকদের পুরো সময় শিক্ষা কার্যক্রমে নিবেদিত রাখতেই সম্মানি বৃদ্ধি প্রয়োজন বলে সরকার মনে করে।
প্রধানমন্ত্রী আরও জানান, চলতি বাজেটে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।
এছাড়া তিনি বলেন, সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। কাঁঠালের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
