ডেস্ক রিপোর্ট: সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় তার কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরের প্রথম ধাপে আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ান সদস্যপদ অর্জনে সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হতে পারে।
মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার সরাসরি চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারকসহ মোট ১৭টি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সফরের শেষ দিনে, ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের -এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসতে পারে।
সফর শেষে ২৬ জুন রাতেই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সফরকে বাংলাদেশ, মালয়েশিয়া ও চীনের মধ্যকার সম্পর্কের নতুন মাত্রা যোগ করার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
