নিজস্ব প্রতিবেদক: দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে ভারত ও মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে থাকা স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, সীমান্তপথে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সীমান্ত এলাকায় সক্রিয় অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং আন্তঃসীমান্ত অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
