ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙেছেন, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে ব্যাংকটি।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের চার্জ, খরচ ও আর্থিক ক্ষতি সম্পূর্ণ মওকুফ করা হবে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ১ জুন থেকে ১৫ জুন ২০২৬-এর মধ্যে MTDRA, MSB, MMPDS ও MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করা গ্রাহকরা এই সুবিধা পাবেন। পুনরায় হিসাব চালু করলে তা নতুন হিসাব হিসেবে নয়, বরং পূর্বের চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সুবিধাও ফিরে পাবেন।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা বা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
গ্রাহকবান্ধব এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা পুনরায় তাদের হিসাব চালু করতে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
