ডেস্ক রিপোর্ট: নারী চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তিত সূচি প্রভাব ফেলেছে অস্ট্রেলিয়ার নারী দলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে। এর ফলে বাংলাদেশ নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী অক্টোবর মাসে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী শুধুমাত্র ওয়ানডে সিরিজ বহাল থাকছে, টি-টোয়েন্টি সিরিজ বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নিউজিল্যান্ড নারী দলকে নতুন পরিকল্পনায় দুই দফায় অস্ট্রেলিয়া সফর করতে হবে। অক্টোবর মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে তারা। পরে মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ফিরবে কিউইরা।
আইসিসি ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পরই সূচি পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে কেন্দ্র করেই নতুন পরিকল্পনা সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং বৈশ্বিক টুর্নামেন্টের ব্যস্ত সূচির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাতিল হলেও দুই দলের মধ্যকার ওয়ানডে লড়াই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
