নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ২২৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের নকশা ও কারুকাজভেদে মজুরি পৃথকভাবে নির্ধারিত হবে।
