আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই জয়লাভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট ইয়াহেদ বিন খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ‘সমন্বিত আইনজীবী পরিষদ’ প্যানেল থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি মোট ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হন।
বিজয়ের অনুভূতি প্রকাশ করে অ্যাডভোকেট ইয়াহেদ বিন খলিল বলেন, “আইন ও বিচার বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আইনজীবী সমিতিতে প্রতিনিধিত্ব করার এই সুযোগ আমার জন্য গর্বের, একই সঙ্গে এটি একটি বড় দায়িত্ব। এই বিজয় আমার সহপাঠী, শিক্ষকবৃন্দ, সিনিয়র আইনজীবী এবং সম্মানিত ভোটারদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই এবং আইনজীবী সমাজের কল্যাণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কাজ করে যাবো।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের ‘সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল।
সভাপতি পদে অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
