মোঃ আব্দুল হাদী, রাজশাহী কলেজ প্রতিনিধি: রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব (আরসিএমডিসি) আয়োজিত আন্ত:বিভাগ বিতর্কের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রারম্ভকে (উচ্চমাধ্যমিক) হারিয়ে সেরার মুকুট অর্জন করেছে রসায়ন বিভাগ।
রবিবার (১৯ এপ্রিল) সাড়ে ১১টায় কলেজের পদ্মপকুর পাড়ে ২ দিন ব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের অধ্যাপক ও সংগঠনটির প্রধান শিক্ষক উপদেষ্টা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
বিতর্ক পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, আমাদের শিক্ষার্থীরা যাতে করে তাদের বুদ্ধি ও যুক্তিকে শাণিত করে উপস্থাপন করতে পারে, এটাই আমাদের লক্ষ্য । আমরা বিতর্ককে একাডেমিক কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে শুধুমাত্র আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা নয়, প্রতিটি ক্লাসে বিতর্ক হবে, প্রত্যেক শিক্ষার্থী যুক্তি-তর্কের মাধ্যমে ভালো-মন্দ উপস্থাপন করবে। এতে করে আমার সমাজ বিকশিত হবে, আমার শিক্ষার্থীরা শাণিত হবে, উপকৃত হবে, স্মার্ট হবে। আমাদের এই আয়োজনগুলো শুধু আনুষ্ঠানিকভাবে সীমাবদ্ধ থাকবে না, শিক্ষক যারা আছেন তারাও ক্লাসগুলোতে বিষয়ভিত্তিক বিতর্কের আয়োজন করবেন এই আশা রাখছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনটির শিক্ষক উপেদেষ্টা মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপেদেষ্টা মোঃ এন্তাজ আলী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক উপদেষ্টা সৈয়দ রফিকুল হাসান মিলন।
২ দিন ব্যাপী প্রতিযোগিতার ধারাবাহিক পর্ব শেষে বিতর্কের চূড়ান্ত মঞ্চে রসায়ন বিভাগের হয়ে অংশগ্রহণ করেন মোঃ শাহরিয়ার আহমেদ শিমুল, মোঃ একরামুল হক ও শাকিরা আফরিন এবং প্রারম্ভ দল থেকে উচ্চ মাধ্যমিকের হয়ে অংশগ্রহণ করেন
মালিহা তাসমিয়া রোদেলা, সিফাত রহমান বিত্ত ও জাইমা ফেরদৌস তুস্তি।
যুক্তির এই কঠিন লড়াইয়ে বিচারকের দায়িত্ব পালন করেন জান্নাতুল মাওয়া অনন্যা, মোঃ আবু বকর ওয়াহিদ পিয়াস এবং শাহরিয়ার কবির শেখর।
“এই সংসদ, বাঙালির উৎসবের রাজনৈতিক মেরুকরণে অনুতপ্ত” বিষয়কে সামনে রেখে
চূড়ান্ত পর্যায়ের এই বিতর্কে ৩-০ ব্যালটে প্রারম্ভ দলের বিতার্কিকদের হারিয়ে বিজয়ের শেষ হাসি অর্জন করেছে রসায়ন বিভাগের বিতার্কিকগণ।
বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ এসময় প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিতর্কের মঞ্চে চ্যাম্পিয়ন দল থেকে ডিবেটর অব দ্য ফাইনাল হওয়া রসায়ন বিভাগের মোঃ শাহরিয়ার আহমেদ শিমুল অনুভূতি প্রকাশ করে বলেন, মিরর ডিবেটিং ক্লাব আমাদের এমন একটি প্রতিযোগিতা মূলক পরিবেশ দিয়েছে এবং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। এটা আমাদের একাডেমিক এর বাইরে অনেক কিছু ভাবতে শিখিয়েছে। আমরা অনেক অনেক উচ্ছ্বাসিত।নিজের বিভাগকে প্রতিনিধিত্ব করে জিততে পেরে ভালো লাগছে।
এছাড়াও টুর্নামেন্ট সেরার মুকুট অর্জন করা প্রারম্ভ দলের মালিহা তাসফিয়া রোদেলা বলেন, মিররের দুই দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিতে পেরে ভালো লেগেছে। যারা সিনিয়র ছিলেন তারা অনেক বেশি কো-অপারেটিভ। হার-জিত সব জায়গায় লেগে থাকে,এন্ড উই আর রিয়েলি ভেরি স্যাটিস্ফাইড যা হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে।
এছাড়া আরসিএমডিসি এর বর্তমান সভাপতি শাহরিয়ার কবির শেখর বলেন, রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ছড়িয়ে দিতে চায়। আমরা বিশ্বাস করি মানুষের প্রশ্ন করার ক্ষমতা, যু্ক্তির প্রসারের মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। আর এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি বছর রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে এই আয়োজন করা। আমরা চাই সামনের দিনগুলোতে রাজশাহী কলেজ ক্যম্পাসে যুক্তির চর্চা আরো বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হোক।
