রাজশাহী কলেজ প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী কলেজের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাইয়ের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি কলেজের পাশে শ্রমিকদেরকে গ্রাফিতি মুছে দিতে দেখা গেছে। গ্রাফিতি অপসারণের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানো, পরিচ্ছন্নতা রক্ষা এবং দেয়ালগুলোকে নতুনভাবে রাঙানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তবে অনেক শিক্ষার্থী মনে করছেন, এসব গ্রাফিতির মধ্যে জুলাই ইতিহাস, সংস্কৃতি, সামাজিক বার্তা ও শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রকাশ ছিল। তাই সবকিছু মুছে ফেলার আগে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত ছিল।
অন্যদিকে কলেজ প্রশাসন সূত্র বলছে, ক্যাম্পাসকে আরও পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে নিয়মিত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেই দেয়াল রঙ করা হচ্ছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, শিক্ষার্থীদের শিল্পচর্চার স্মৃতি মুছে ফেলা ঠিক হয়নি।
এ বিষয়ে রাজশাহী কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
