নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় শহরের তিনটি খাবার প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (০১ ফেব্রুয়ারি ) লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি রোডের রোজ গার্ডেন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার, চকবাজারের সোনার বাংলা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার এবং কাশফুল লাইভ বেকারি-তে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকার নেতৃত্ব দেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি হ্যান্ডগ্লাভস ও হেয়ারক্যাপ ব্যবহার না করা, খোলা অবস্থায় মাছিযুক্ত খাবার রাখা এবং লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকার বিষয়ও ধরা পড়ে।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,১৫,০০০ (এক লাখ পনেরো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
