অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সিলেটে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরীর পিটিআই মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সিলেটের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে ড্রোন ব্যবহার করা হবে। নিরাপত্তা জোরদারে বডিওর্ন ক্যামেরা, ডগ স্কোয়াড এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।
তিনি বলেন, “সিলেটের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। সব মিলিয়ে বলা যায়, নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি খুবই ভালো।”
