নিরাপত্তা শঙ্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে দ্বিতীয়বার আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
ডেক্স রিপোর্ট: আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে বিসিবি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে তারা গভীর উদ্বেগ অনুভব করছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উগ্রপন্থিদের হুমকি, আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে ভারতে খেলতে যাওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছে বোর্ড।
সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে—তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। তবে বিসিবির প্রস্তাব হলো, টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তর করা।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর বিসিবি দ্বিতীয়বার আইসিসিকে এই চিঠি পাঠায়। আইসিসি এর আগে নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট উদ্বেগের জায়গাগুলো জানতে চেয়েছিল, যা এবার বিস্তারিতভাবে জানানো হয়েছে।
এদিকে বিসিবির ভেতরেও এ নিয়ে ভিন্নমত রয়েছে। বোর্ডের একটি অংশ উপদেষ্টা আসিফ নজরুলের কঠোর অবস্থান সমর্থন করলেও অন্য অংশ আইসিসি ও ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষপাতী।
এর আগে বিসিবির প্রথম চিঠির জবাবে আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। একই সঙ্গে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসও দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
তবে বিষয়টি এখানেই থামেনি। আইসিসির জবাব পাওয়ার পরপরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন,
“ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। প্রয়োজনে শ্রীলঙ্কায় খেলব, কিন্তু মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।”
এখন বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বিসিবির এই দ্বিতীয় চিঠির জবাব কী দেয় আইসিসি—সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।
