ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এক মোটরসাইকেল চালকের কাছ থেকে প্রায় চার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার মোবাইল ফোন ও মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ফেনী-চৌমুহনী সড়কে উপজেলার বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে যানবাহনে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন (২৬) সেনবাগ উপজেলার পূর্ব মাইজদীপুর গ্রামের প্রয়াত মো. আবুল হাসেমের ছেলে।
সুব্রত সরকার শুভ বলেন, বড়দিন ও ইংরেজি নববর্ষকে সামনে রেখে বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেলকে তাদের সন্দেহ হয়।
পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে তিন হাজার ৯৬০টি ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি।
আটক হোসাইনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানান সুব্রত সরকার।
