নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে ঝুলন্ত অবস্থায় এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রশিদা বেগম (৩৫) ওই গ্রামের মৃত এনামুল গাজীর স্ত্রী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির সামনে একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের নাক ও যৌনাঙ্গে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের দেবর মহিদুল গাজীকে আটক করা হয়েছে।
স্থানীরা ধারনা করছে রাতের যেকোন সময় রাশিদাকে ঘর থেকে ফুসলিয়ে বের করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি গাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুল (৩৮) কে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশের হাতে সোর্পদ করে।
নিহতের মেয়ে তাসমিরা খাতুন (১৬) জানান, গভীর রাতে তার মাকে তার কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়। এর পর এ ঘটনা ঘটায়।
এছাড়াও তিনি আরও অভিযোগ করেন, মফিজুল জোর করে তার মায়ের কাছ থেকে টাকা নিয়েছে এবং বিয়ের জন্য চাপ দিত।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, “সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। বিষয়টি সন্দেহজনক। এরপরও হত্যা নাকি আত্মাহত্যা তা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এই মুহুর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনার তদন্ত চলছে।”
