ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়। আজ শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটানিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।
প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল রাতে সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় অফিসের দারোয়ান টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নির্বাচনের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে।
