ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় দায়িত্বশীল ও কর্মীদের প্রতি সব ধরনের নির্বাচনী প্রচার উপকরণ অপসারণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব সহযোগিতার প্রস্তুতির কথাও উল্লেখ করেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন আমেজে সারা দেশে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও অন্যান্য প্রচারসামগ্রী টানানো থাকলেও এগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা দেয় নাসির উদ্দিন কমিশন।
