ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ১৬ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলার ৮৬৮/৩–এস এর কাছে ব্রিটিশরোড এলাকায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।
বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়া (৩০) নামের ওই যুবকের বাড়ি পাটগ্রামের পচাভান্ডার গ্রামে।
বিজিবি–৬১ তিস্তা ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টা ৩০ মিনিটের পর ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। পাটগ্রাম থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে পাটগ্রামের শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে সবুজ নিহত হন। গরু আনতে শূন্যরেখার কাছে গেলে বিএসএফ তাকে গুলি করে। গুলির শব্দে তার সঙ্গে থাকা অন্যরা চলে আসেন।
ঘটনার পরই বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। দুই বাহিনীর মধ্যে যোগাযোগ চলে। এর ধারাবাহিকতায় রাতে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
