নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে উপজেলার ফতেজংপুরে ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চিরিরবন্দর থানার ওসি রুহুল আমিন জানান।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- আদুরী বেগম (১৮) ও মোর্শেদা বেগম (৩৫)।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রংপুর থেকে দিনাজপুর অভিমুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা বাসের আসন বের করে এনে অগ্নিসংযোগ করে। তখন কিছু সময়ের জন্য এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ওসি রুহুল আমিন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় ৪০ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, আহতদের নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
