নিজস্ব প্রতিবেদক: পুলিশের বিশেষ অভিযানে পাবনা ও নাটোর জেলায় গ্রেপ্তার হয়েছে ৭২ জন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া টানা ১১ ঘণ্টার এই অভিযানে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান পরিচালিত হয় নাটোরের নলডাঙ্গা, সিংড়া এবং পাবনার ঈশ্বরদীর বিভিন্ন এলাকায়।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে দুইজন সর্বহারা সদস্য, অস্ত্রধারীর সহযোগী এবং নিয়মিত মামলার ২১ আসামি। চারজন মাদক মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২১ জন ও সাজা পরোয়ানার দুইজনও পুলিশের হাতে ধরা পড়ে। এছাড়া সন্দেহভাজন হিসেবে আটক করা হয় আরও ২২ জনকে।
অভিযানে উদ্ধার করা হয়েছে ১৩টি দেশি অস্ত্র- ছোরা, হাসুয়া, চাপাতি এবং একটি বিদেশি আগ্নেয়াস্ত্র। এছাড়া পাওয়া গেছে এক কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা। পুলিশের ভাষ্য অনুযায়ী, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনে মোট আটটি মামলা রয়েছে।
ডিআইজি শাহজাহান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি জানান, রাজশাহী রেঞ্জের সব জেলায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে চলতি মাসেই পদ্মার চরে ‘অপারেশন ফাস্ট লাইট’ এবং চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ এলাকায় ‘অপারেশন ফাস্ট লাইট-২’ চালিয়ে মোট ১৩১ জনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
