নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে ফের রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করেন তাঁরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তাঁদের আন্দোলন চলছিল। এর আগে গতকাল শনিবারও (২২ নভেম্বর) তাঁরা এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে একজন রাবি শিক্ষার্থী বলেন, ‘আমাদের একটাই দাবি, সেটা হলো, লিখিত পরীক্ষার সময় পিছিয়ে একটা যৌক্তিক সময় নির্ধারণ করা। আমরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যেতে চাই।’
আরও এক আন্দোলনকারী ও রাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এলেও পিএসসি তাদের একরোখা মনোভাব পোষণ করে রেখেছে ৷ গতকাল আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাজশাহী রেলওয়ে কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছিলাম, কিন্তু আজও আমরা পজিটিভ কোনো উত্তর পাইনি।’
মাহবুব আলম আরও বলেন, ‘দ্রুত নতুন সময় নির্ধারণ করে পিএসসি থেকে নোটিশ দিতে হবে। আর তারা তা না করলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’ এর আগে গতকাল (২২ নভেম্বর) বিকেল থেকে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন তাঁরা। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের প্রায় ৬ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।
