ডেস্ক রিপোর্ট:চীন গোপনে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তা দিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে চীন থেকে ইরানে প্রায় ২ হাজার টন বিস্ফোরক রাসায়নিক পাঠানো হয়েছে, যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে, এসব উপাদান ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে।
মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও জো কার্টিনি বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন। তারা সতর্ক করে বলেন, যদি চীন সত্যিই ইরানকে এ ধরনের সমর্থন দিয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি তারা জানতে চান, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেবে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা দিতে পারে না। তবে সিএনএন জানিয়েছে, চীনের রপ্তানিকৃত রাসায়নিক সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই, ফলে বিষয়টি আইনি ধূসর এলাকায় পড়ে এবং এটিকে প্রমাণ করা কঠিন।
অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে জানায়, তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি এবং সব ধরনের রপ্তানি কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হয়েছে। বেইজিং আরও জানায়, তারা ইরান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় এবং উত্তেজনা বাড়াতে চায় না।
মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের গোপন সহযোগিতার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
