ডেস্ক রিপোর্ট: নভেম্বরের প্রথম ১৫ দিনে বাংলাদেশে ১৫২ কোটি ২৭ লাখ মার্কিন ডলার বা প্রায় ১.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতিদিন গড়ে এই সময়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ১৫ দিনের রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকে এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১০০ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের ৯ থেকে ১৫ তারিখে দেশে এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহ ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আকর্ষণের রেকর্ড।
