নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও এর আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াও ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।
শরীফুল ইসলাম বলেন, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।
তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা ওই বার্তায় বলা হয়নি।
চব্বিশের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়ের সময় ঘনিয়ে আসায় তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে।
গত তিন দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ময়মনসিংহে এক পরিবহন শ্রমিকের প্রাণ গেছে।
