ডেস্ক রিপোর্ট:ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ উচ্চ শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বড় ধসের মুখে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ভারতের রপ্তানি ২০ শতাংশ কমেছে, আর টানা চার মাসে এই হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশে।
মে মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৮৮০ কোটি ডলার, যা সেপ্টেম্বরে নেমে এসেছে ৫৫০ কোটি ডলারে—৩৭.৫ শতাংশ পতন। বিশ্লেষকদের মতে, শুল্ক বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র এখন ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রপ্তানি বাজারে পরিণত হয়েছে।
দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) জানায়, শ্রমনির্ভর খাত যেমন বস্ত্র, রত্ন ও গয়না, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই রপ্তানি হ্রাস ভারতের বাণিজ্য ঘাটতিতেও প্রভাব ফেলেছে, যা সেপ্টেম্বরে ১৩ মাসের সর্বোচ্চ ৩ হাজার ২১৫ কোটি ডলারে পৌঁছেছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে বাণিজ্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক প্রভাব কিছুটা প্রশমিত হয়েছে।
