আতিয়া ইবনাত রিফাহ্: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট আসরে এবার চ্যাম্পিয়ন হয়েছে ৬ষ্ঠ ব্যাচ (মাস্টার্স)। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ৯ম ব্যাচকে ১-০ গোলে পরাজিত করে তারা শিরোপা জয় করে। দলের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন সাদিক হাসান।
টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ধরণের শঙ্কা যেনো ৬ষ্ঠ ব্যাচের পিছু ছাড়ছিলোই না। দলের প্রায় অর্ধেকের বেশি খেলোয়াড়ের ইঞ্চুরি নিয়ে শঙ্কায় পড়ে যায় এ ব্যাচ। ইঞ্জুরি নিয়েই এ ব্যাচের খেলোয়াড়েরা খেলায় অংশ নেয়। ফাইনালে ৬ষ্ঠ ব্যাচের মীর নাইম পায়ে আঘাত আঘাত পান। আঘাতে তার পায়ের একটি নখ উঠে যায়। তবুও নাঈম মনোবল হারাননি। নখে ব্যান্ডেজ নিয়ে সে খেলা চালিয়ে যান এবং ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্ত নিজের অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে।
ফাইনাল ম্যাচের পর বিজয়ী দলকে ট্রফি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে তারাও এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। এছাড়াও এমন সফল আয়োজনের জন্য তারা শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং পরবর্তীতে বারবার এ ধরণের সফল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
১০ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত টানা চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। এতে অংশ নেয় বিভাগের প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবগুলো ব্যাচ। টুর্নামেন্টকে ঘিরে পুরো বিভাগে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রতিটি ব্যাচ নিজেদের দলের নামকরণ, নতুন জার্সি উন্মোচন ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেয়। খেলার দিনগুলোতে মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীরা নিজেদের দলকে উৎসাহ ও সমর্থন জানায়, যা খেলাগুলোর উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এছাড়াও প্রতিটি ম্যাচে বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতি শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রতিবছরই ঐতিহ্যবাহী এই আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বিভাগের ৮ম ব্যাচ।
আরও পড়ুন: বিপিএল ফিরছে নতুন রূপে: যুক্ত হতে পারে নোয়াখালী এবং ময়মনসিংহ
