
ডেস্ক রিপোর্ট: দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার ফিরছে নতুন রূপে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ আসরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকেও টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন মিলেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত মৌসুমে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিলেও, এবার নতুন করে দল গঠন করা হবে। আগের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিসিবি নতুন মালিকদের জন্য Expressions of Interest (EOI) আহ্বান করেছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো বিপিএলের ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত পাঁচ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাবে।
বোর্ড জানিয়েছে, আবেদনকারীর আর্থিক সক্ষমতা, সুনাম ও লিগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে কৌশলগত সামঞ্জস্য বিবেচনা করা হবে নির্বাচনের ক্ষেত্রে। সম্ভাব্য দশটি অঞ্চলের মধ্যে নোয়াখালী ও ময়মনসিংহের নাম উঠে আসায় সমর্থকদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। শর্ত পূরণ করলে প্রথমবারের মতো এই দুটি অঞ্চল থেকেও দল দেখা যেতে পারে এবারের বিপিএলে।
