নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষক নিহত হয়েছেন। একই ঘটনায় দর্শন বিভাগের আরেক শিক্ষক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮)। তিনি এবং দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মিয়া (৫৭) একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মারা যান শিব শংকর রায়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকালে দুই শিক্ষক মোটরসাইকেলে করে মাছ ধরতে যাওয়ার পথে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। অধ্যাপক আসাদুজ্জামানের হাত-পায়ে মারাত্মক জখম হয়েছে এবং তিনি এখনো অচেতন অবস্থায় রয়েছেন।
ওসি বলেন, নিহত অধ্যাপকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত অধ্যাপক আসাদুজ্জামানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
রাবি সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন বলেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। এদিন ভোরে তারা আসাদুজ্জামানের মোটরবাইকে চড়ে নওহাটা এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে এবং ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই শিব শংকর রায়ের মৃত্যু হয়।
