ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এই প্রথম প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলার ছুঁয়েছে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি এবং যুক্তরাষ্ট্রে নীতি সুদ কমার সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৫১ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি, স্বর্ণনির্ভর ইটিএফে বিনিয়োগ, মার্কিন ডলারের দুর্বলতা এবং খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ—সব মিলিয়ে সোনার বাজারে এই উল্লম্ফন ঘটেছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালের পর চলতি বছরের প্রথম প্রান্তিকে সোনার দাম সবচেয়ে বেশি হারে বেড়েছে।
বিশ্ববাজারের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। মঙ্গলবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্যমতে, আজ বুধবার (৮ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের হলমার্ক সোনার ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায় বিক্রি হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, কম সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে সোনার দাম সাধারণত বেড়ে যায়। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির বিরুদ্ধে সোনা নির্ভরযোগ্য রক্ষাকবচ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা সরকারি অর্থনৈতিক তথ্য না পাওয়ায় বিকল্প উৎসের ওপর নির্ভর করছেন। বিশ্লেষকদের ধারণা, আগামী ২৮-২৯ অক্টোবরের বৈঠকে ফেডারেল রিজার্ভ নীতি সুদ এক চতুর্থাংশ পয়েন্ট কমাতে পারে, যা সোনার দামে আরও গতি যোগ করবে।
অস্ট্রেলীয় খনিজ অনুসন্ধান কোম্পানি স্করপিয়ন মিনারেলসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল ল্যাংফোর্ড সিএনএনকে বলেন, “ডলারের মান আরও কমতে থাকলে আগামী ছয় মাসে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে।”
অন্যদিকে মার্কিন শতকোটিপতি বিনিয়োগকারী কেন গ্রিফিন এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, “ডলারের চেয়ে নিরাপদ সম্পদ হিসেবে সোনার উত্থান উদ্বেগজনক। মানুষ এখন ডলারের প্রভাব থেকে নিজেদের সম্পদকে দূরে রাখতে চাইছে।”
বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসও তাদের পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯০০ ডলার ছাড়াতে পারে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকও সেপ্টেম্বরে টানা একাদশ মাসের মতো রিজার্ভের জন্য সোনা কিনেছে বলে জানা গেছে।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১.৩৮ শতাংশ বা আউন্সপ্রতি ৫৪.৬৩ ডলার। গত এক মাসে বেড়েছে ৮.৪৮ শতাংশ, ছয় মাসে ২৮.২১ শতাংশ এবং এক বছরে বেড়েছে ৫১.৫২ শতাংশ।
