ডেস্ক রিপোর্ট: সেপ্টেম্বর মাসে দেশের পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে, যা গত আগস্টে ছিল ৮.২৯ শতাংশ। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে এই তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬৪ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৮.৯৮ শতাংশ। আগের মাস আগস্টে এই হার ছিল যথাক্রমে ৭.৬০ ও ৮.৯০ শতাংশ।
গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বরে, মূল্যস্ফীতি ছিল আরও বেশি — ৯.৯২ শতাংশ। সেসময় খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ১০.৪০ শতাংশে, আর খাদ্য বহির্ভূত খাতে ৯.৫০ শতাংশে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ও জ্বালানির ব্যয় সামান্য বৃদ্ধির কারণে সেপ্টেম্বর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে।
