নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে মুক্তিপণের জন্য আটকে রাখা চার জেলেকে কোস্টগার্ডের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন আড়বাউনি খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দস্যুদের ফেলে যাওয়া নৌকা থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, খুলনার কয়রা উপজেলার মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, দাকোপ উপজেলার মো. হাবিবুর এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শাহজাহান গাজী নামের চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। গত ১০ দিন ধরে তারা জাহাঙ্গীর বাহিনীর হাতে বন্দি ছিলেন। দস্যুরা নিয়মিত মুক্তিপণের জন্য চাপ সৃষ্টি করছিল এবং জেলেদের ওপর নির্যাতন চালাচ্ছিল।
তিনি আরও জানান, উক্ত তথ্য পাওয়ার পর শুক্রবার (৩ অক্টোবর) ভোরে দস্যুদের আস্তানায় এক বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ অভিযানের সময় দস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয় এবং সতর্ক করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর দস্যুরা নৌকা ও জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত সুন্দরবন এলাকায় ১৮ জন বনদস্যু গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র ও ২৩১ রাউন্ড গুলি।
