ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ১৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে মোট ২ হাজার ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১১৩ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, এ বছর একই সময়ের তুলনায় রেমিট্যান্সে ৩৫২ মিলিয়ন ডলারের বেশি প্রবৃদ্ধি দেখা গেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ৬ হাজার ২৫১ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ১৭.৮ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের প্রণোদনা বৃদ্ধি, হুন্ডি দমন কার্যক্রম ও বৈধ পথে অর্থ প্রেরণে সরকারের কঠোর নজরদারির ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স আয় ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
