জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, ছবিসূত্র- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: আসন্ন ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির নির্বাচনে পরিচালক পদে লড়তে চলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যদিও এই শিল্পী বর্তমানে যুক্তরাষ্ট্রে শো নিয়ে বেশ ব্যস্ত, তবে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ই–ব্যালটের মাধ্যমে তিনি ভোটে অংশ নেবেন।
গানের পাশাপাশি একসময় ক্রিকেটারও ছিলেন আসিফ। নব্বইয়ের দশকে ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন। এছাড়াও কুমিল্লা জিলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজের হয়ে অধিনায়কত্বও করেছেন তিনি। খেলোয়াড়ি জীবন ছেড়ে গানে মন দিলেও ক্রিকেটের সঙ্গে সংযোগ হারাননি এই গায়ক।
বিসিবিতে আসার আগ্রহের কারণ ব্যাখ্যা করে আসিফ বলেন, “কুমিল্লায় ছয় বছর ধরে কোনো লিগ হচ্ছে না। অথচ একসময় ফুটবল, ক্রিকেট, হকিতে কুমিল্লার ঐতিহ্য ছিল সমৃদ্ধ। সুযোগ পেলে কুমিল্লার ক্রিকেটকে জাতীয় পর্যায়ে ফিরিয়ে আনাই হবে আমার প্রথম লক্ষ্য।”
আসিফের মতে, মাঠ না থাকায় তরুণরা মাদক ও কিশোর গ্যাংয়ের দিকে ঝুঁকছে। তাই তিনি চান কুমিল্লা ও পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট আবার মাঠমুখী হোক। সাবেক-বর্তমান খেলোয়াড় ও সংগঠকদের অনুরোধেই তিনি কাউন্সিলর হয়েছেন।
