ছবিসূত্র- ইন্টারনেট
ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের সুপার ফোরে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও ভারত। তাই কাগজে-কলমে দুবাইয়ে আজকের লড়াইয়ের আগে দুই দল সমান অবস্থানে থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।
এবারের এশিয়া কাপে এখনো অপরাজিত ভারত টানা জয়ের ধারায় রয়েছে। এমন ফর্মে থাকা দলটি শিরোপা জিততে না পারলে সেটাই হবে বড় চমক।
অন্যদিকে বাংলাদেশ এশিয়া কাপে নেমেছে বড় লক্ষ্য নিয়ে। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করার পর দলটি শিরোপার স্বপ্নও দেখতে শুরু করেছে। তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কতটা কঠিন—তা খেলোয়াড়রা যেমন জানেন, সমর্থকরাও বোঝেন। ফাইনালে পৌঁছাতে হলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভারত ও পাকিস্তানের মতো দুই শক্ত প্রতিপক্ষ। এই দুই ম্যাচের অন্তত একটি জেতা ছাড়া উপায় নেই। তার মধ্যে আজ ভারতের বিপক্ষে ম্যাচটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
ভারত হয়তো এভাবে ভাবছে না। এই ম্যাচে জয় পেলে তাদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে এটিকে খুব কঠিন বাধা হিসেবেই দেখছে না তারা। তাই আজকের খেলায় নতুন কিছু কৌশল পরীক্ষা করতে নামতে পারে ভারত। পাকিস্তানকে ৬ উইকেটে হারানো ম্যাচের একাদশে কয়েকটি বদল এনে বেঞ্চের খেলোয়াড়দেরও সুযোগ
দেওয়ার পরিকল্পনা থাকতে পারে, যাতে ফাইনালের আগে সবাই প্রস্তুত হয়ে যায়।
সম্ভাব্য পরিবর্তনের একটি হতে পারে উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মাকে নেওয়া। আগের চার ম্যাচেই একাদশে থাকলেও স্যামসন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন কেবল ওমান ও পাকিস্তানের বিপক্ষে। ওমানের সঙ্গে দুর্দান্ত অর্ধশতক করলেও পাকিস্তানের বিপক্ষে প্রথম সুপার ফোরে মাত্র ১৩ রানে থেমেছিলেন। ওই ম্যাচে তিলক বর্মাকে সঙ্গ দিয়ে শেষ পর্যন্ত খেলতে পারতেন, কিন্তু আক্রমণাত্মক শটে বোল্ড হয়ে ফেরেন।
বাংলাদেশের বিপক্ষে আজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো সুযোগ দিতে পারে আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান জিতেশ শর্মাকে। মিডল অর্ডারে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলকে দিতে পারে বাড়তি সুবিধা।
এদিন বিশ্রাম পেতে পারেন ভারতের প্রধান পেসার যশপ্রীত বুমরা। পাকিস্তানের বিপক্ষে ভালো করতে পারেননি সময়ের সেরা এই বোলার, ৪ ওভারে উইকেট না পেয়ে দিয়েছেন ৪৫ রান। গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে বুমরার জায়গায় খেলেছিলেন অর্শদীপ সিং, যিনি সেই ম্যাচেই তৈরি করেছিলেন ইতিহাস—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের প্রথম বোলার হিসেবে ছুঁয়েছিলেন ১০০ উইকেটের মাইলফলক। আজও তাঁর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। নতুন বলে সুইং করানোর পাশাপাশি ডেথ ওভারে রান আটকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দিতে পারেন এই বাঁহাতি পেসার।
সম্ভাব্য একাদশ:
ভারত দল: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ঋঙ্কু সিং, জিতেশ শর্মা।
বাংলাদেশ দল: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলি, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব।
