ছবিসূত্র- বিবিসি
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছেন ফরাসি তারকা ও পিএসজি ফরোয়ার্ড, ওসমান দেম্বেলে। ফুটবলের অস্কার হিসেবে পরিচিত এই পুরস্কারটি তিনি অর্জন করেছেন নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে, যা পুরো মৌসুম জুড়ে তিনি প্রদর্শন করেছেন। ক্যারিয়ারে প্রথম এবং ফ্রেঞ্চ ফুটবলার হিসেবে ২০০১ সালের পর, এই সম্মানটি এবার শোভা পাচ্ছে তার হাতে।
এই মৌসুমে পিএসজির হয়ে তিনটি বড় শিরোপা জিতেছেন দেম্বেলে—লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গোল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট এবং ম্যাচ নির্ধারণী পারফরম্যান্সের কারণে তিনিই ছিলেন দলকে জেতানোর অন্যতম কারিগর।
ফ্রান্সের রাজধানী প্যারিসে থিয়েটার ডু শ্যাটলেট-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হাতে নেওয়ার সময় আবেগে কান্নায় ভেঙে পড়েন দেম্বেলে। এসময় মঞ্চে উপস্থিত থাকা তার মাকে উদ্দেশ্য করে দেম্বেলে বলেন, “মা সবসময় আমার পাশে ছিলেন, তার জন্যই আমার আজকের এই অর্জন।” আবেগঘন এই বক্তব্যের প্রাক্কালে দর্শকরাও করতালির মাধ্যমে মুহূর্তটিকে অনুষ্ঠানের সবচেয়ে স্মরণীয় অংশ করে তোলে।
পুরস্কারটি শুধু দেম্বেলের ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়, বরং পিএসজির চ্যাম্পিয়ন্স লীগ জেতার পাশাপাশি দেম্বেলের এই অর্জন ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায়ও যোগ করেছে।
