ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি জয় করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেও এখনো তিনি ভক্তদের কাছে ঢালিউডের চিরতরুণ হার্টথ্রব।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। দিনটিকে স্মরণ করে বৈশাখী টেলিভিশনের পর্দা সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত গান ও সিনেমা দিয়ে।
সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে তার সিনেমার গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আগুন। এরপর সকাল ৯টায় ‘মিউজিক অ্যালবাম’ অনুষ্ঠানে প্রচার হবে সালমান শাহর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের গান। এর মধ্যে থাকছে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘দেনমোহর’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘মায়ের অধিকার’ ও ‘সত্যের মৃত্যু নেই’-এর মতো হিট সিনেমার গান।
শুধু গান নয়, দিনব্যাপী প্রচার হবে তিনটি চলচ্চিত্রও। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘স্বপ্নের নায়ক’, দুপুর ২টা ৩০ মিনিটে ‘স্বপ্নের পৃথিবী’ এবং রাত ১২টায় প্রচার হবে ‘বুকের ভিতর আগুন’।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ’র। প্রথম ছবিতেই তিনি পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর একে একে উপহার দেন অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি। জীবদ্দশায় যে চলচ্চিত্রগুলো তিনি সফলভাবে উপভোগ করতে পেরেছিলেন তার মধ্যে আছে—‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘প্রেম যুদ্ধ’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’ ও ‘স্বপ্নের পৃথিবী’।
১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পাওয়া ‘স্বপ্নের পৃথিবী’ ছিল সালমান শাহ’র জীবদ্দশায় দেখা শেষ ছবি। মৃত্যুর পরও একের পর এক সিনেমা মুক্তি পায় এবং দর্শকদের হৃদয় মাতায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।
সালমান শাহ’র শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘বুকের ভিতর আগুন’। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর, অর্থাৎ তার মৃত্যুর এক বছর পর।আজ জন্মদিনে নেই তিনি, কিন্তু তার রেখে যাওয়া অমর চরিত্র, গান আর সিনেমা আজও বাঁচিয়ে রেখেছে তাকে কোটি ভক্তের হৃদয়ে।
আরো পড়ুন : ‘এই পদ্মা এই মেঘনা’র কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শেষ প্রস্থান
