ডেস্ক রিপোর্ট : ভারত–পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি উন্মাদনা। কিন্তু এবারের এশিয়া কাপে সেই চেনা আবহটা নেই। সম্প্রতি অপারেশন সিঁদুর ও পেহেলগাম জঙ্গি হামলার প্রেক্ষাপটে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রকাশ্যে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। সাবেক ক্রিকেটারদের মধ্যেও বিভক্তি দেখা গেছে—কেউ পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানিয়েছেন, আবার কেউ খেলাটাকেই প্রাধান্য দিতে বলছেন। – Dhaka post
এ অবস্থায় ভারতীয় কোচ গৌতম গম্ভীর সরাসরি বার্তা দিয়েছেন দলের ক্রিকেটারদের—মাঠে কেবল খেলার কথাই ভাবতে হবে, বাইরের আলোচনায় কান দেওয়ার দরকার নেই। দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও সাংবাদিকদের জানিয়েছেন, খেলোয়াড়দের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তারা পেশাদার মনোভাব নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।
ডেসকাটের ভাষায়, “আমরা জানি সমর্থকদের আবেগ অনেক তীব্র। কিন্তু খেলোয়াড়দের কাজ হচ্ছে কেবল মাঠে সেরাটা দেওয়া। রাজনীতি বা বাইরের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই।”
তবে চ্যালেঞ্জটা যে সহজ নয়, সেটিও স্পষ্ট। ভারতীয় দলের অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। ফলে নানা সমালোচনা, নেতিবাচক মন্তব্য তাদের চোখে পড়ছে। কেউ প্রকাশ্যে প্রতিক্রিয়া দিচ্ছেন না, তবে অভ্যন্তরীণ চাপে আছেন অনেকে।
গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছেন সাজঘরের পরিবেশ স্বাভাবিক রাখতে। তাদের লক্ষ্য, খেলোয়াড়রা যেন ম্যাচটিকে অন্য যেকোনো খেলার মতোই দেখে এবং মাঠের ভেতরে কেবল ক্রিকেট নিয়েই মনোযোগী থাকে।
