ডেস্ক রিপোর্ট: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, খবর ইউএনবির।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সব আসামিকে খালাস দেন। পরে রাষ্ট্রপক্ষ আপিল করে। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখলেন।
২০০৪ সালের হামলায় নিহত হন আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশ কর্মী-সমর্থক। বহু বছর ধরে চলা এ মামলার বিচার প্রক্রিয়া নিয়ে ছিল নানা বিতর্ক।
২০১৮ সালে বিচারিক আদালত লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির দণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন দেন। তবে হাইকোর্ট রায়ে ওই প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে সবাইকে খালাস দেন। আপিল বিভাগের সর্বশেষ রায়ে মামলার বিচার প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি ঘটল।
